আজ
|| ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
পাকিস্তানকে হারিয়ে সুখবর পেল বাংলাদেশ
প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২৪
ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু করেছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর শুরুটাও হয়েছিল ওই ম্যাচ দিয়েই। কিন্তু এতদিন সেই একটাই সুখস্মৃতি ছিল বাংলাদেশের সামনে। এরপরে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে আরও ৩ ম্যাচ খেলেছে টিম টাইগার্স। যার সবকটিতেই হারের লজ্জা পেতে হয়েছে। এবার পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে আবারও জয়রথে ফিরল টাইগাররা।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এ জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। দুই ধাপ এগিয়ে টাইগারদের অবস্থান এখন ছয়ে। পাকিস্তান সিরিজের আগে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা ছিল একেবারেই তলানির দিকে। আটে থাকা বাংলাদেশের নিচে ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটের হারে আটে নেমে গেছে পাকিস্তান।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে শীর্ষ দুইয়ে আছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারতের ঝুলিতে আছে ৬৮ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া অর্জন করেছে ৬২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।
-সংগৃহীত
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.