আজ
|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা মহর্রম, ১৪৪৮ হিজরি
পাওনা টাকা চাওয়ায় যুবলীগকর্মীর মারধর, প্রাণ গেলো মুদিদোকানির
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৪
মুন্সিগঞ্জ সদরের রামপাল এলাকায় পাওনা টাকা চাওয়ায় যুবলীগকর্মীর মারধরের পর আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী (৭০) নামের এক মুদিদোকানির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সনেট হালদার ও তার সহযোগীরা পলাতক।
রোববার (৬ অক্টোবর) বিকেলে রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টুনু ঢালী একই এলাকার মৃত জয়নাল ঢালীর ছেলে ও স্থানীয় ধলাগাঁও বাজারের মুদিদোকানি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, করিম ঢালীর দোকান থেকে বাকিতে সংসারের জিনিসপত্র কেনেন প্রতিবেশী মোশারফ হালদার। কিন্তু দীর্ঘদিন হলেও পাওনা টাকা পরিশোধ করেননি তিনি। রোববার বিকেল ৩টার দিকে পাওনা টাকার জন্য মোশারফের বাড়িতে গিয়ে তাগাদা দেন করিম ঢালী। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ, তার ভাতিজা যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী সনেট হালদার গং তাদের বাড়ির ভেতরেই তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুসি মেরে আহত করেন। গুরুতর অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজ বাড়িতে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যান।
নিহতের ছেলে আবদুল কাদের ঢালী বলেন, চিহ্নিত সন্ত্রাসী সনেট, তার চাচা মোশারফসহ ৩-৪ জন মিলে তার বাবাকে পিটিয়ে হত্যা করেছেন। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে সনেট হালদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
-সংগৃহীত
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.