আজ
|| ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
আ’লীগ নেতার জামিন ইস্যুতে আদালত প্রাঙ্গণে হট্টগোল
প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২৪
মুন্সিগঞ্জে হত্যা মামলার আসামির জামিনের প্রতিবাদে ছাত্রদের কর্মসূচিতে দুই আইনজীবীর হুমকি ও বাধা দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে আদালতের আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এসময় ছাত্ররা আইনজীবী সমিতির কার্যালয়ে ঢুকে প্রতিবাদ জানালে তোপের মুখে স্থান ত্যাগ করেন ওই দুই আইনজীবী। এ ঘটনায় ইসতিয়াক সম্রাট নামের এক আইনজীবীর বিরুদ্ধে সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান সোহেলের জামিনকে ঘিরে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ছাত্ররা। এসময় উত্তোজিত ছাত্ররা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তারা সমিতির অভিমুখে গেলে তাদের ইসতিয়াক সম্রাট ও তার স্ত্রী বকাবকি করলে বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে আন্দোলনকারীদের তোপের মুখে আইনজীবী সমিতি কার্যালয়ে স্ত্রীসহ অবস্থান নেন ইশতিয়াক সম্রাট। পরে উত্তেজিতরা সেখানে ঢুকে পড়েন।অপর আইনজীবী ও উপস্থিত ছাত্ররা তাদের বাইরে নিয়ে আসেন। পরে ঘণ্টাব্যাপী চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ফারদিন হাসান আবির বলেন, ‘দুই আইনজীবী আমাদের ডেকে বকাবকি করেন। আমাদের কয়েকজনকে চড়-থাপ্পড় মারেন। আমরা এর বিচার চাই।’
তবে আইনজীবী ইসতিয়াক আহমেদ সম্রাটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আইনজীবী মাহবুব-উল-আলম স্বপন জানান, আইনজীবী সমিতি বরাবর শিক্ষার্থীরা একটি অভিযোগ দিয়েছেন।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.