আজ
|| ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
মুন্সীগঞ্জে হত্যা মামলার ১৬ বছর পর একজনের যাবজ্জীবন
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৪
মুন্সীগঞ্জে ট্রলার চালক আবু তালেবকে হত্যার দায়ে আনিছ (২৫) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামি সেলিম মিয়াকে (৩৪) পেনাল কোডের ভিন্ন ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ রায় দেন। এ হত্যা মামলায় আরও ৬ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় পড়ার সময় আসামিরা পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছারওয়াদী। সাজাপ্রাপ্ত আসামি আনিছ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ গ্রামের হাসমত আলী বেপারীর ছেলে ও সেলিম মিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার চিৎকার গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৬ জুন আসামি আনিছের ডাকে আবু তালেব ট্রলার নিয়ে সিমেন্টের ভাড়া মারতে মেঘনা নদীতে যায়। পরে আবু তালেব বাড়িতে ফেরত না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে আনিছসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জকে আসামি করে ২০০৮ সালের ২০ জুন গজারিয়া থানায় আবু তালেবের স্ত্রী আয়েশা (২৮) বাদী হয়ে অপহরণ মামলা করেন। পরে আবু তালেবের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ আনিছকে গ্রেপ্তার করলে তিনি আদালতে এ ঘটনায় জড়িত আসামিদের নামসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামি আনিছের দেওয়া তথ্যমতে পুলিশ সেলিমকে গ্রেপ্তার করে এবং পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
১৬ বছরে মামলায় ৯ জন সাক্ষীর জেরা ও জবানবন্দির ভিত্তিতে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে আজ এ রায় দিয়েছেন।
Copyright © 2026 Munshi Ganjer Khobor. All rights reserved.