মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে পদ্মা সেতু (উত্তর) থানাধীন মাওয়া চৌরাস্তা এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক যুবকের নাম মো. ফয়সাল গিয়াস উদ্দিন (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার জাজিসার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
ডিবি পুলিশ জানায়, সাধারণ ডায়েরি নং-২২৬, তারিখ-২৬/০৮/২০২৫ খ্রিঃ এর মূলে অভিযান চালানো হয়। দুপুর ১টা ৫০ মিনিটে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, খানবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গাঁজা বিক্রির উদ্দেশ্যে একজন অবস্থান করছে। পরে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত ফয়সাল পালানোর চেষ্টা করে। এসময় তাকে ধাওয়া করে আটক করা হয়।
পরে তার হাতে থাকা আকাশি রঙের ট্রলি ব্যাগ তল্লাশি করে দুটি পুটলায় মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৮০ হাজার টাকা। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মো. কামরুল হাসান পিপিএম জানান, আটককৃত ফয়সাল গাঁজা বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) টেবিল ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।