ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া আন্ডারপাস সংলগ্ন ঢাকামুখী সার্ভিস রোডে একটি কনটেইনার ট্রাক উল্টে পড়ে দুই ঘণ্টাব্যাপী যান চলাচলে বিঘ্ন ঘটে। আজ বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাছের ডাল ও গুড়ি বোঝাই কনটেইনার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা খেয়ে কাত হয়ে সার্ভিস রোডের মাঝখানে আড়াআড়িভাবে পড়ে যায়। ফলে রাস্তাটির এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে পড়লে উভয়পাশে যানজট সৃষ্টি হয়।
তাৎক্ষণিকভাবে বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা করা হলেও ঢাকামুখী যানবাহন চলাচলে দীর্ঘ সময় বিঘ্ন ঘটে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। কনটেইনারে থাকা কাঠ ও লাকড়ি নামিয়ে ফেলা হয় এবং রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়।