মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গোয়ালীমন্দ্রা বাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. শাহানুর (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। তিনি উপজেলার খরিয়া এলাকার মৃত সিরাজউদ্দিন সরদারের ছেলে।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১০-এর একটি দল অভিযানে গেলে শাহানুরকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড তাজা গুলি।তদন্তে জানা যায়, শাহানুর একজন চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে তিনি লৌহজং ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র দেখিয়ে সন্ত্রাসী তৎপরতা ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে এবং নতুন করে অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।