ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় প্রাইভেটকার উল্টে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ষোলঘর ছাত্রী ছাউনির সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আরমান (২৫), রাইসা (২০) ও তানজিল (২৪)। আহত অপর যাত্রীর নাম রবিন হোসেন। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মমিন উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।