
শ্রীনগর বাজারে অস্থায়ী সবজির আড়ত স্থানান্তর করার দাবীতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীনগর পোষ্ট অফিস সংলগ্ন ভাগ্যকুল সড়কের এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রীনগর বাজার
ব্যবসায়ী ও আহ্বায়ক কমিটির আয়োজনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেন। শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটির সংশ্লিষ্টজনরা বলেন, ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারটি এই অঞ্চলের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত। ব্যস্ততম বাজারটিতে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। অথচ রোজ ভোরে বাজারটির গলিতে অস্থায়ীভাবে কাঁচা মালের আড়ত বসানোর পাশাপাশি ফুটপাতে সবজির দোকান বসানোর ফলে জনসাধারণের চলা ফেরায় ভোগান্তির সৃষ্টি হচ্ছে। অপরদিকে সবজির আড়তের ময়লা আবর্জনা ফেলে বাজারের গলি নোংরা করা হচ্ছে। এতে করে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছেন। মানুষের দুর্ভোগ লাঘবে অস্থায়ী কাঁচা মালের অস্থায়ী আড়তটি শ্রীনগর বাজার থেকে অন্যত্র স্থানান্তর করার দাবী করেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের সুদৃষ্টি
কামনা করেছেন তারা।