ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শুক্রবার (১০ অক্টোবর) এক শোকবার্তায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ও সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টায় অধ্যাপক মনজুরুল ইসলামের অবদান অনন্য। টিআইবির ন্যায়পাল ও বোর্ড সদস্য হিসেবে তার সুচিন্তিত পরামর্শ, মতামত ও সহমর্মিতাপূর্ণ সহযোগিতা প্রতিষ্ঠানটিকে সব সময় অনুপ্রাণিত করেছে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, “মনজুরুল ইসলামের অসামান্য অবদানের জন্য টিআইবি তার কাছে চিরঋণী। একজন কর্মনিষ্ঠ ও নীতিবান শিক্ষাবিদ হিসেবে তিনি আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।”
টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ, ম্যানেজমেন্ট, সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এবং টিআইবি পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ২০১৯ সালের ১৭ এপ্রিল থেকে তিন বছরের জন্য টিআইবির ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করেন এবং দ্বিতীয় মেয়াদে ২০২২ সালের ৩ অক্টোবর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একই দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ২০১৩ সালের ১৬ মে থেকে ২০১৯ সালের ১২ এপ্রিল পর্যন্ত দুই মেয়াদে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।