মুন্সীগঞ্জ সদর উপজেলায় মেঘনা নদীতে যৌথ অভিযানে ইলিশ মাছ কেনাবেচার অপরাধে ১২ জনকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন। এ সময় ৩০০ কেজি ইলিশ মাছ এবং ১০ লাখ মিটার জাল জব্দ করা হয়।
বুধবার (২২ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন, মৎস্য অফিস, সেনাবাহিনী, সদর থানা পুলিশ ও নৌপুলিশ যৌথভাবে সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। সরকার গত ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য নদী-সমুদ্রে মা ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।
জেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাশেম জানান, বাংলাবাজার ইউনিয়নের চর বেহেরপাড়া থেকে ইস্মানিরচর গ্রাম পর্যন্ত অভিযান চলাকালে ১২ ক্রেতা ও বিক্রেতাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক তাদের ৭ দিন করে কারাদণ্ড দেন।
জব্দকৃত ইলিশ স্থানীয় কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে, আর জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান ও চরআব্দুল্লাহ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম।






