মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বাঘড়া গ্রামের বাসিন্দা সফিকুল ইসলাম জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, ১৭ অক্টোবর দুপুর সাড়ে ১১টার দিকে পদ্মা নদীর চরাঞ্চলে বাঘড়া বাজারের কাছে ছয়জনের একটি দল র্যাব, সেনা ও পুলিশের পরিচয় দিয়ে ইলিশ ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক টাকা এবং মাছ ছিনিয়ে নেয়। এই সময় মতিন, আওলাদ ও সুজন বেপারীর কাছ থেকে প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা ডাকাতি করার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শ্রীনগর থানার এসআই জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের আটক করে থানায় নিয়ে যান। পরে আরও এক অভিযুক্ত আনোয়ারকে শনাক্ত করে জেলহাজতে পাঠানো হয়।
সফিকুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, প্রতারক চক্র আদালতের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় মুক্তি পেয়ে আবারও বড় ধরনের ডাকাতিতে জড়াচ্ছে। তিনি পুলিশের কাছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।






