মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ডাবল অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ধরা পড়া আসামি লাভলু খান (৩২), দিঘিরপাড় ইউনিয়নের রাজারচর এলাকার নাজির খানের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ি থানার একটি বিশেষ টিম রাজারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি মো. সাইফুল আলম বলেন,
“ডাবল অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি লাভলু খানকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। তাকে আদালতে পাঠানো হয়েছে।”
ওসি আরও জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা লাভলুর অবস্থান নিশ্চিত হওয়ার পরই পুলিশ সফলভাবে অভিযান পরিচালনা করে। জানা গেছে, তার বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে।