মুন্সীগঞ্জের শ্রীনগরে খিচুড়ি কেনা–বেচা নিয়ে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে স্থানীয় একটি রেস্টুরেন্টে ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীনগর–দোহার সড়কের কয়কীর্ত্তন এলাকার ‘খিচুড়ি ঘর’ নামে একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং সিসিটিভি ফুটেজ অনুযায়ী, আগেরদিন শ্রীনগর থেকে এক ব্যক্তি তিন প্যাকেট খিচুড়ি কিনে ৪৫০ টাকার মধ্যে ৫০ টাকা ছাড় পেলেও অসন্তুষ্ট হয়ে ম্যানেজারের সঙ্গে তর্ক করে চলে যান। পরদিন সন্ধ্যায় ওই ঘটনার জেরে রেস্টুরেন্টে উপস্থিত হন দেউলভোগ সবুজ হাটির পলাতক আসামি সাদ্দাম হোসেন (৪০) এবং তার সহযোগী বাবু মোল্লা (৩৬), জাকির মোল্লা (৩৮)সহ আরও কয়েকজন।
বিবাদের এক পর্যায়ে সাদ্দাম হাতে থাকা পিস্তল দিয়ে উপরের দিকে একটি ফাঁকা গুলি চালান। এতে রেস্টুরেন্ট ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সাদ্দাম ও তার সহযোগীরা সরে যায়।
ঘটনার পর দেউলভোগ গ্রামের ফখরুল ইসলামের ছেলে বুলেট (৩৫) শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দেন। তিনি নিজেকে যুবদল কর্মী পরিচয় দিয়ে অভিযোগ করেন, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন তাকে ধারাবাহিকভাবে হুমকি দিচ্ছিলেন। সেই ঘটনারই অংশ হিসেবে সাদ্দাম ও তার লোকজন রেস্টুরেন্টে তাকে মারধর ও অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করেন।
থানা সূত্রে জানা গেছে, সাদ্দামের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। শ্রীনগর থানার তদন্ত ওসি মিল্টন দত্ত জানান, ফাঁকা গুলির ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।








