ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার ঝুঁকিপূর্ণ ও অতিঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রাথমিক মূল্যায়নে মোট ৩৭২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৭২টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ এবং ১০০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বাকি ৯৭টি কেন্দ্রকে সাধারণ শ্রেণিভুক্ত করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৩০ হাজার ৪৩৫ জন, নারী ভোটার ৬ লাখ ৮৯ হাজার ১৭৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন চারজন। এবারের নির্বাচনে জেলায় মোট ৪৬৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে।
আসনভিত্তিক হিসাবে মুন্সীগঞ্জ-১ আসনে রয়েছে ১৭০টি ভোটকেন্দ্র ও ১ হাজার ৬০টি কক্ষ, মুন্সীগঞ্জ-২ আসনে ১৩০টি ভোটকেন্দ্র ও ৭৭৪টি কক্ষ এবং মুন্সীগঞ্জ-৩ আসনে ১৬৯টি ভোটকেন্দ্র ও ১ হাজার ১৭টি কক্ষ নির্ধারণ করা হয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচনের দিন অতিরিক্ত পুলিশ, আনসার ও প্রয়োজনে বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এসব কেন্দ্রে বডি ক্যামেরাসহ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করার পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থাও উন্নত করা হচ্ছে, যাতে জরুরি প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।