মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিয়াশা চন্দ্র দাস (৫৬)
নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের
দিকে লৌহজং উপজেলার দক্ষিণ কলমা দাসপাড়া এলাকায় নিয়াশা চন্দ্র দাসের সঙ্গে মহাদেব
দাস ও মাহাবুব দারিয়ার বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে নিয়াশা
চন্দ্র দাস গুরুতর আহত হন। তার মাথায় আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর
পেয়ে লৌহজং থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে
মহাদেব দাস (২৮) নামে একজনকে গ্রেপ্তার করে। তিনি একই এলাকার বাসিন্দা। পুলিশ
জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারের
চেষ্টা চলছে।