রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল কালাম (৩৫), তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বাসিন্দা এবং ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সব রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনও নিশ্চিত নয়।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, “পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত হয়েছেন। নিহতের সঙ্গে থাকা পাসপোর্টের মাধ্যমেই তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।”
ডিএমটিসিএল সূত্রে জানা যায়, মেট্রোরেলের উড়ালপথের পিলারের সঙ্গে যুক্ত রাবারের প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০–১৫০ কেজি। এগুলো ট্রেন চলাচলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত বছরও একই স্থানে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটেছিল, যা নিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো এমন দুর্ঘটনা ঘটল।
নিহত আবুল কালামের স্বজন আরিফ হোসেন জানান, “দুপুরে এক অপরিচিত ব্যক্তি ফোন করে দুর্ঘটনার খবর দেন। পরে হাসপাতালে গিয়ে কালামের মরদেহ পাই।” নিহতের স্ত্রী ও দুই সন্তান রয়েছে, তবে বাবা–মা জীবিত নেই।







