
শ্রীনগরে ব্যাটারি চালিত অটোরিক্সা ও প্রাইভেটকার সংঘর্ষের ঘটনায় ২ জন আহত হয়েছে। আহতরা হলেনে অটোটির চালক মো. কবির ও যাত্রী শফিকুল ইসলাম। ফায়ার
সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করেন। বুধবার বিকালে শ্রীনগর ছনবাড়ি-চকবাজার সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, শ্রীনগর চকবাজারমুখী প্রাইভেটকারটির পিছনে অটোরিক্সাটি সজোরে ধাক্কা দিলে অটোর এক যাত্রীর মাথা ফেটে যায়। এ সময় অটোর চালকও আহত হন।
স্থানীয়রা বলেন, ব্যাটারি চালিত অটোর চালকরা সড়কের নিয়ম কানুন মানে না। যেখানে খুশি সেখানেই হুটহাট থামিয়ে দিচ্ছে। ব্যস্ততম সড়কে যত্রতত্র ভাবে ইউটার্ন নিচ্ছে। এতে প্রায় দিনই দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। জানা গেছে আহত শফিকুল ইসলাম উপজেলার ঝুলদি গ্রামের মান্নান হাওলাদারের ছেলে ও অটো চালক কবির বরিশালের মনপুরার বাসিন্দা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আহত চালক ও যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ
করা হয়।