মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬ শত ২৬
কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শুক্রবার রাত ১১টা থেকে
শনিবার সকাল ৮টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করে কোস্ট
গার্ড স্টেশন পাগলা ও মৎস্য অধিদপ্তরের যৌথ টিম। গোপন সংবাদের ভিত্তিতে
মুক্তারপুর সংলগ্ন ডিঙ্গাভাঙ্গা ও আশপাশের কয়েকটি এলাকায় অভিযান চালানো
হয়। এ সময় ছয়টি গুদামঘর ও ছয়টি জাল তৈরির কারখানা তল্লাশি করে প্রায় ১৭
কোটি ৯০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক
বাজারমূল্য ৬২৬ কোটি ৫৯ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। অভিযানে
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেমসহ কোস্ট গার্ডের
সদস্যরা।
স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ ছলিম উদ্দিন বলেন, “কারেন্ট জালের কারণে নদীতে
ছোট মাছ একেবারেই শেষ হয়ে যাচ্ছে। সরকার যদি কঠোর হয়, তাতে আমরা
সমর্থন করি।”
পঞ্চসার ইউয়িননের মুক্তারপুর এলাকার বাসীন্দা শিপন মিয়া বলেন, “এই জালগুলো
ইলিশসহ ছোট মাছের বংশ ধ্বংস করে দিচ্ছে। এত বিপুল পরিমাণ জাল উদ্ধার হওয়া
মানে অবৈধ উৎপাদন ও সরবরাহ চেইন এখনও সক্রিয়। নিয়মিত নজরদারি বাড়ানো
জরুরি।”
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, উদ্ধার করা জালগুলো উপজেলা প্রশাসনের
উপস্থিতিতে ধ্বংস করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট গুদামমালিক ও জাল কারখানার
মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলার কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি
বলেন, “মৎস্য স¤পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল
ধ্বংসে নিয়মিত অভিযান চলছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত
জালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”