
মুন্সীগঞ্জে মেঘনা নদীর পারের কালিরচর গ্রামে থামছেনা অবৈধ বালু উত্তোলন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১ টার জলদস্যু বাহিনী ও গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় জলদস্যু বাহিনী গ্রামবাসীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তবে কেউ হতাহত খবর পাওয়া যায়নি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসী জানায়, কিবরিয়া মিয়াজী দীর্ঘদিন ধরে মেঘনা তীরবর্তী কালিরচর গ্রামে ড্রেজার বসিয়ে অবৈধভাবে মানুষের ফসলি জমিজমা কেটে নিয়ে গেলেও প্রশাসনের কোন কার্যকর পদক্ষেপ নেই। এলাকাবাসী প্রতিরোধে নামলে কিবরিয়া ও তার লোকজন গ্রামবাসীর ওপর গুলি চালায়। গত মঙ্গলবার কিবরিয়া বাহিনীর গুলিতে কালিরচর গ্রামের দ্বিন ইসলাম মিজির ছেলে রিপন মিজি (৩০) গুলিবিদ্ধ হয়।
চরআব্দুল্লাহ নৌপুলিশের ইনচার্জ মো. মাহবুব আলম বলেন, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নৌডাকাত কিবরিয়ার লোকজন ড্রেজার বসিয়ে বালু কাটতে গেলে কালিরচর গ্রামের দেড়-দুই শতাধিক লোক ঝড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কিবরিয়ার লোকজন ড্রেজার সরিয়ে নিলে পরিস্থিতি শান্ত হয়।
তিনি আরো বলেন, বুধবার রাতে বালু কাটার দায়ে এক শ্রমিককে আটক করা হয়েছে।