মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে চরম শিক্ষক সংকট। প্রধান শিক্ষকসহ মাত্র তিনজন শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে পুরো বিদ্যালয়ের পাঠদান। ফলে প্রায় ২০০ শিক্ষার্থীর পাঠ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার মান নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
শিক্ষকের পাশাপাশি বিদ্যালয়ে নেই টয়লেটের ব্যবস্থাও। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। শিক্ষার্থীরা জানান, টয়লেট না থাকায় জরুরি প্রয়োজনে আশপাশের বাড়িতে যেতে হয়, এতে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয় তাদের।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়ন্ত মিত্র বলেন, “জরুরি ভিত্তিতে একটি টয়লেট স্থাপন অত্যন্ত প্রয়োজন। শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও সমস্যায় আছি।”
প্রধান শিক্ষক ইসমত আরা বেগম জানান, “দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে আছি। আমি সহ তিনজন শিক্ষক সব ক্লাস নিচ্ছি, বিশ্রামের সময়ও নেই। এর সঙ্গে টয়লেট না থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। বিষয়টি ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, দ্রুত সমাধানের আশা করছি।”






