মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর হলদিয়া গ্রামে চলাচলের পথ বন্ধ হয়ে বিপাকে পড়েছেন ১০টি পরিবার। সামনের চারটি বাড়ির মালিক সম্প্রতি নিজেদের জমির পাশের খোলা জায়গায় টিনের বেড়া তুলে দিলে পেছনের বাড়িগুলোর যাতায়াত বন্ধ হয়ে যায়।
ঘটনাটি বায়তুল নূর জামে মসজিদসংলগ্ন এলাকায় ঘটে। দীর্ঘদিন ধরে এসব পরিবার পাশের বাড়ির জমির ফাঁকা অংশ দিয়ে মূল রাস্তায় যাতায়াত করতেন। কিন্তু সম্প্রতি ওই জমির মালিকরা ব্যক্তিগত জমি দাবি করে পথটি বন্ধ করে দেন। এতে দীর্ঘদিনের সামাজিক রীতির ব্যত্যয় ঘটায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
ভুক্তভোগীরা জানান, প্রায় ৫০ বছর ধরে তারা এ পথ ব্যবহার করে আসছেন। এখন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন। আনছার আলী নামে এক বাসিন্দা বলেন, ‘আমাদের সব জায়গা ডোবা ও পুকুর। নতুন রাস্তা করতে সময় লাগবে। অন্তত কিছুটা সময় দিলে আমরা ইউনিয়ন পরিষদে রাস্তার আবেদন করতে পারতাম।’
নিহার বেগম নামের আরেকজন অভিযোগ করেন, ‘এখন কেউ অসুস্থ বা মারা গেলে লাশ বের করারও পথ নেই।’
অভিযুক্ত মোজাম্মেল বেপারী ও কামাল বলেন, তাদের জমিতে কোনো সরকারি রাস্তা নেই। অন্য জমির মালিকরা রাস্তা দিলে তারাও রাজি, তবে ক্ষতিপূরণ দিতে হবে।
হলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিন সরদার জানান, ব্যক্তিগত জমি হলেও হঠাৎ পথ বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। দুই পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘ভুক্তভোগীদের জমিতে বিকল্প রাস্তা তৈরির সুযোগও দেখা হবে।’
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছার উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে ইউনিয়ন প্রশাসনের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।