মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দিতে অভিযান চালিয়ে ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামাদিসহ রনি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে দুটি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মোল্লাকান্দি আর্মি ক্যাম্প বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাতে মুন্সীকান্দি গ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে বাংলাদেশ সেনাবাহিনী-র সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মোল্লাকান্দি আর্মি ক্যাম্প দ্রুত টহল অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সেনাসদস্যরা এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন রনিকে আটক করেন। তার বসতবাড়ি থেকে দুটি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।